বেসরকারি স্কুলে অনলাইন ক্লাসের ফি আদায় নিয়ে রুল

২৪ আগষ্ট, ২০২০ ১৮:২৬  
বেসরকারি বিদ্যালয়গুলোতে কোভিড-১৯ এর আগের প্রযোজ্য ফি কোভিড-১৯ চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অভিযুক্ত চিটাগাং গ্রামার স্কুল, ঢাকা ও স্কলাস্টিকা কর্তৃপক্ষকে ছাড়াও শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে স্কুলগুলোকে কোভিড-১৯ চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায়যোগ্য ফি বিষয়ে তিন মাসের মধ্যে একটি পরিকল্পনাসূচি প্রস্তুত করে তা সরকারের কাছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার তানভীর কাদেরসহ দুইজন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার ও ব্যারিস্টার তানভির কাদের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামীউল আলম সরকার।